শিক্ষা প্রতিমন্ত্রী, চুরি-ছিনতাই
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।   ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে সিসিটিভি স্থাপন, পুলিশ ক্যাম্পসহ যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
 
ববি হাজ্জাজ বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

তিনি দাবি করেন, মামুনুল হকের নির্দেশে তার নেতা-কর্মীরা কেন্দ্র দখল করার চেষ্টা করলে বিএনপির সমর্থকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপিকর্মী আহত হন। আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা গুরুতর; তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন। সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার হুকুম দেওয়ায় মামুনুল হককে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না— এমন নির্দেশ আগেই থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দেওয়া হয়েছিল। ভোটকেন্দ্র দখলের প্রয়োজন নেই, এমন বার্তাও পরিষ্কারভাবে জানানো হয়। 

তিনি জানান, তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এবং জয়ী না হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে সবাইকে সতর্ক করা হয়েছিল। কেউ আগ বাড়িয়ে সহিংসতা, কেন্দ্র দখল বা অরাজকতার সঙ্গে জড়িত থাকলে প্রমাণ পাওয়া মাত্রই দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।