রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ
রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ।   ছবি: সংগৃহীত

রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। 

আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সাপ্লায়ার।

তারা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। 

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে  ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।