প্রোটিয়া ঝড়ে লণ্ডভণ্ড ভারত, বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার
প্রোটিয়া ঝড়ে লণ্ডভণ্ড ভারত, বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার।   ছবি: সংগৃহীত

টানা ১২ ম্যাচ জয়ের এক দুর্দান্ত রেকর্ড সঙ্গী করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। তবে আহমেদাবাদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সূর্যকুমার যাদবের দল। প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে ১৮৮ রান তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল ব্যবধানের হারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের হিসেবে ভারতের সবচেয়ে বড় পরাজয়। 

এর আগে ২০১০ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারটি ছিল তাদের আগের রেকর্ড। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর দীর্ঘ বিরতিতে কোনো বহুজাতিক টুর্নামেন্টে হারের তেতো স্বাদ পেল ভারত; যার মাঝে খেলা ২২টি ম্যাচের ২১টিতেই জয়ী হয়েছিল তারা।

আহমেদাবাদে সুপার এইটের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে রান তাড়া করতে নেমে শুরু থেকেই দিক হারায় ভারত। প্রথম ওভারে ঈশান কিষান এবং দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকে হারিয়ে মাত্র ৫ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। শুরুর সেই ধাক্কা আর সামলে ওঠা সম্ভব হয়নি। একে একে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ৫১ রানে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা যখন খাদের কিনারে, তখন ষষ্ঠ উইকেটে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া মিলে ৩৫ রানের এক জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন। তবে বাড়তে থাকা রান রেটের চাপে সেই চেষ্টাও সফল হয়নি।

ইনিংসের ১৫তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ বল হাতে এসে ম্যাচের দৃশ্যপট একাই বদলে দেন। এক ওভারেই তিনি তুলে নেন পান্ডিয়া, রিংকু সিং ও আর্শদীপ সিংয়ের উইকেট, যা ভারতের জয়ের শেষ আশাটুকুও নিভিয়ে দেয়। ৮৮ রানে ৮ উইকেট হারানোর পর পরাজয়ের ব্যবধান কমাতে লড়াকু ব্যাটিং করেন শিভম দুবে। ৩টি ছক্কা ও ১টি চারে ৩৭ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করেন তিনি।

১৯তম ওভারে প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন জোড়া আঘাত হেনে ভারতের ইনিংসের ইতি টানেন। চতুর্থ বলে দুবে এবং পঞ্চম বলে বুমরাহকে আউট করলে ১১১ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ৭৬ রানের এই দাপুটে জয়ে দক্ষিণ আফ্রিকা তাদের সুপার এইট মিশন দাপটের সাথে শুরু করল।