গুলিবিদ্ধ, জুলাই হত্যা মামলা, বিএনপি
ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।   ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক দুই ঘটনায় বিএনপির এক নেতা গুলিবিদ্ধ এবং জুলাই হত্যা মামলার এক সাক্ষীকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে পান্থপথ ও মোহাম্মদপুরের বসিলা এলাকায় এসব ঘটনা ঘটে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর পান্থপথ জুতার মার্কেটের সামনে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমানের কাছে ৮ থেকে ১০ জনের একটি দল চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার হাতে বিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য, রাত পৌনে ৯টার দিকে দোকানে অবস্থানকালে ১০-১৫ জন এসে চাঁদা দাবি করে। অস্বীকৃতি জানালে গুলি করা হয়।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, কয়েকজন ব্যক্তি টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় পায়ের দিকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে গুলি লাগে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে জুলাই হত্যা মামলার এক সাক্ষীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানা-র সাবেক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা শুভ বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন।

স্বজনদের দাবি, তিনি বৈষম্যবিরোধী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় দীর্ঘদিন ধরে হুমকি পাচ্ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, নির্বাচনের পর আধিপত্য বিস্তার ও স্থানীয় চাঁদাবাজিকে কেন্দ্র করেই এসব হামলার ঘটনা ঘটেছে। তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা বলেন, একটি ছোট জায়গা দখলকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।