স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।   ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হলো জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই করা হবে। 

‘যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্সগুলো প্রদান করা হয়েছে কিনা আমরা খতিয়ে দেখব। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে এবং এর অধীনে থাকা অস্ত্রও বাজেয়াপ্ত করা হবে।’

তিনি বলেন, ‘আমার জানা মতে, দশ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। এগুলো এখন অবৈধ। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে এবং প্রয়োজনে মামলা করা হবে।’