স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও ১,২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত আরও ১,২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার একই মন্ত্রণালয় ১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এ মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।

গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। এতে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।