বেইলি রোড অগ্নিকাণ্ডের দুই বছর, রোববার শহীদদের স্মরণে ফাতেহা পাঠ
বেইলি রোড অগ্নিকাণ্ডের দুই বছর, রোববার শহীদদের স্মরণে ফাতেহা পাঠ।   ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের দুই বছর পার হয়েছে। ৪৬ জন নাগরিক পুড়ে শহীদ হয়েছেন। কিন্তু ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি নিয়ে নানা অনিয়ম ও গাফিলতি থাকলেও দুই বছরেও ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও দায় নির্ধারণ হয়নি। 

এই প্রেক্ষাপটে রোববার বিকাল ৩টায় রাজধানীর বেইলি রোডস্থ গ্রিন কোজি কটেজ ভবনের সামনে ৪৬ শহীদ নাগরিকের স্মরণে ফাতেহা পাঠ ও নীরবতা পালন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

এ কর্মসূচিতে শহীদদের রুহের মাগফিরাত কামনা, দায়ীদের বিচারের দাবির পুনর্ব্যক্তি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ নামক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। অগ্নিকাণ্ডে ৪৬ জন শহীদ এবং অন্তত ২২ জন আহত হন। 

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী তদন্তে ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি নিয়ে নানা অনিয়ম ও গাফিলতির বিষয় উঠে আসে।

দুই বছর পার হলেও এ ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও দায় নির্ধারণ এখনো দৃশ্যমান নয়। শহীদদের পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।