স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।   ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (১ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে ‘সেফ সিটি’ বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক সহযোগিতা, সন্ত্রাস দমন এবং দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়েও সৌহার্দপূর্ণ মতবিনিময় হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।