শাহ আমানত
সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে।   ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী অন্তত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার (ফিরতি) ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস: ১টি ডিপার্চার ও ১টি অ্যারাইভাল (আগমনী) ফ্লাইট। এয়ার আরাবিয়া: মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট।

​কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় আজ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুবাই-শারজাহ রুটে অচলাবস্থা থাকলেও ওমানের মাস্কাট রুটে বিমান চলাচল করছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (OV-401) শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে ৯টা ৩০ মিনিটে ফ্লাইটটি (OV-402) পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।