ভারত, ভিসা
সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।   ছবি: সংগৃহীত

খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। বর্ডার হাট এবং বেশ কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এগুলো শিগগিরই চালু করা হবে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে, গতকাল রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করতে চলেছে ভারত।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলোতে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে তারা পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারেনি। তবে তারা আশ্বাস দিয়েছেন যে ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করা হবে।