জাতীয়, রাজনীতি, ইসলামী আন্দোলন,
ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।   ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২ মার্চ) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি পরিপন্থী। তাদের দাবি, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন।

বক্তারা অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে তার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার ঘটনা বিশ্বব্যবস্থার প্রতি অবজ্ঞার শামিল। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল— ‘আমার ভাই মরলো কেন, জাতিসংঘ জবাব দে’, ‘ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘মুসলমানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমেরিকা টেরোরিস্ট, পণ্য হোক বয়কট’ এবং ‘আমেরিকার দালালিরা, হুশিয়ার সাবধান’।

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে ইরানে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এবং ইসরাইলের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।