মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
 
সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে  তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে দুই জন বাংলাদেশি নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আমাদের রাষ্ট্রদূতরা সেখানে ছুটে গেছেন। কুয়েত, বাহরাইন ও কাতারের মন্ত্রীদের সঙ্গেও কথা হয়েছে। তারা আমাদের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
 
তিনি বলেন, অনেক প্রবাসী দেশে আটকে পড়েছেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও বেসামরিক বিমান মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিদেশগামী যারা আটকে পড়েছেন, তাদের যাওয়ার বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।
 
এ সময় নিহত বাংলাদেশিদের মরদেহ বিমান চলাচল স্বাভাবিক হলে দেশে আনা হবে বলেও আশ্বস্ত করেন খলিলুর রহমান।
 
এ বিষয়ে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি শ্রমিকদের সরিয়ে নেয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়কমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, চলমান সংকট নিয়ে যৌথভাবে পররাষ্ট্র, বেসামরিক বিমান চলাচল ও প্রবাসী মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকে হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে লোক সরিয়ে আনার বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে নাগরিকদের সুবিধা-অসুবিধা ও তাদের নিরাপত্তা ইস্যু নিয়ে আমরা উদ্বিগ্ন। এগুলোকে টপ প্রায়োরিটি দিয়ে কাজ চলছে। 

তিনি বলেন, যাদের ভিসা মেয়াদ শেষ হয়েছে ও টিকেট নিয়েছেন, তারা যেন বিপদে না পড়েন সেজন্য বৈঠক হয়েছে। বাংলাদেশি নাগরিকরা যেন সুরক্ষিত থাকে সে বিষয়েও কথা হয়েছে।