রেলওয়ে ও বাসের অগ্রিম টিকিট মিলছে আজ থেকে।
রেলওয়ে ও বাসের অগ্রিম টিকিট মিলছে আজ থেকে।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘরমুখো যাত্রীদের মধ্যে টিকিট সংগ্রহের তোড়জোড় দেখা গেছে। 

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করতে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারছেন।

৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। এতে আগেভাগেই ঈদযাত্রা ও ফিরতি ভ্রমণের পরিকল্পনা করার সুযোগ পাচ্ছেন যাত্রীরা।

ঈদে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ  জানিয়েছে, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে, যাতে যাত্রী পরিবহনে কোনো ঘাটতি না থাকে।

এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। এতে হঠাৎ প্রয়োজনেও যাত্রীরা ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

ট্রেনের পাশাপাশি বেসরকারি দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও আজ থেকে পুরোদমে শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারবেন। বাস কোম্পানিগুলো কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে।  রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলী ও মহাখালী বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে কাউন্টারে ভিড় থাকলেও অনেক যাত্রী ঝামেলা এড়াতে অনলাইনেই টিকিট সংগ্রহে বেশি আগ্রহ দেখাচ্ছেন। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা নিজেদের পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে স্পেশাল সার্ভিসের ব্যবস্থাও রাখা হয়েছে অনেক ক্ষেত্রে। তবে বরাবরের মতোই কাঙ্ক্ষিত তারিখের টিকিট পাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

এমআর/আরটিএনএন