বাংলাদেশ খেলাফত মজলিস, মামুনুল হক
ইরানের দূতাবাসে গিয়েছিলেন মামুনুল হক।   ছবি: সংগৃহীত

ইরান বর্তমান পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠে স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত ইরানের দূতাবাসে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ ও শোকবইয়ে স্বাক্ষর শেষে তিনি এ মন্তব্য করেন।

শোক প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক। এ সময় তিনি মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সংহতি কামনা করেন।

মামুনুল হক বলেন, ইরান বিদ্যমান পরিস্থিতি সফলভাবে অতিক্রম করতে সক্ষম হবে এবং দেশটির সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

শোক প্রকাশকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে সংগঠনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। ইরান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি।