সরকারি, মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ।   ফাইল ছবি

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনার অনুলিপি সব মন্ত্রণালয় ও বিভাগ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে বিদ্যুৎ ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও সাশ্রয়ী হতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন দপ্তর ও সংস্থাকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা এবং জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা। অপ্রয়োজনীয় আলো কমিয়ে বর্তমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অফিস চলাকালে প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখতে বলা হয়েছে।

এ ছাড়া এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করা নিশ্চিত করতে বলা হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম পুরোপুরি বন্ধ রাখতে হবে। সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে এবং সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার পাশাপাশি জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মন্ত্রণালয় ও সংস্থাকে তাদের অধীনস্থ অফিসগুলোতে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।