বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত‎
বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত‎   ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য চাপ ও বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় যশোরে রাত ৮টার পর অধিকাংশ দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার থেকে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া শহরের অন্যান্য সব ধরনের দোকান রাত ৮টার পর বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চেম্বারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়া জরুরি। তাই অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চালু রাখা থেকে বিরত থাকতে হবে। সবাই সচেতন হলে বিদ্যুতের অপচয় কমবে এবং ব্যবসায়ীদের ব্যয়ও অনেকাংশে কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে অতিরিক্ত আলোকসজ্জা কমিয়ে আনতে হবে। এতে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশগত দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে।

সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত শপিংমল ও কাপড়ের দোকানগুলো স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অন্য সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। ঈদের পর থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যেই বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীরা নীতিগতভাবে একমত হয়েছেন।

সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা-এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো-এর যশোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহসভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।