ছাত্রশিবিরের লোগো
ছাত্রশিবিরের লোগো   ছবি: সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, তাদের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সশস্ত্র কর্মীরা হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ইনস্টিটিউটের দক্ষিণ গেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও নগর পর্যায়ের নেতারা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইম-এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, নব্বইয়ের দশকে দেশের ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্টরুম সংস্কৃতি, হল দখল এবং সহিংস রাজনীতির যে চর্চা শুরু হয়েছিল, বর্তমান সময়ে আবারও সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ক্যাম্পাসগুলোতে সহিংসতার পরিবেশ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, যদি কোনো রাজনৈতিক সংগঠন ছাত্ররাজনীতি করতে চায়, তাহলে তাদের নিয়মিত শিক্ষার্থীদের দিয়েই কমিটি গঠন করতে হবে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতৃত্বের প্রতি নিজ নিজ সংগঠনের কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।

কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী বলেন, ধারালো অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, সম্ভাব্য অস্ত্রের বিষয়ে আগে থেকেই প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতার যে বর্ণনা শোনা গেছে, সাম্প্রতিক ঘটনাগুলোতেও একই ধরনের কৌশল দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, নিজেদের হামলার দায় অন্য সংগঠনের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রশিবির নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। হামলা, ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।