প্রধানমন্ত্রী, তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী কেবল দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত প্রেসসচিব জানান, রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেগুলো বাতিল করা হয়েছে।

প্রতিবছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়ে থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করছেন বলে জানা গেছে।