জাতীয় সংসদ, স্পিকার
জাতীয় সংসদ ভবন।   ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগমুহূর্তে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে। 

এ বিষয়ে বুধবার (১১ মার্চ) বৈঠকে বসছে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াত।

বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও কে স্পিকার হিসেবে সভাপতিত্ব করবেন তা এখনও নির্ধারণ হয়নি। একই সঙ্গে ডেপুটি স্পিকার পদে কে থাকবেন, তাও চূড়ান্ত হয়নি। জুলাই জাতীয় সনদ অনুযায়ী বিরোধী দল হিসেবে জামায়াত ডেপুটি স্পিকার দেবে কিনা—সেই প্রশ্নও এখনও খোলা রয়েছে।

এ বিষয়ে আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং প্রথম অধিবেশনে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সংসদীয় রীতিতে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

তবে এবার ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল জামায়াতকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। কিন্তু দলটি এই পদ গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জুলাই জাতীয় সনদ অনুযায়ী দেশের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাব রয়েছে। এতে নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে উভয় কক্ষেই বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার রাখার প্রস্তাব রয়েছে। বিএনপি এ নীতিতে সম্মত হলেও উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে তাদের ভিন্নমত রয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সে অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ১২ মার্চ প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশন কত দিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে স্পিকার পদে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার দলের সংসদীয় বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নির্ধারণ করা হবে।

অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, ডেপুটি স্পিকার ও সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে দলের অবস্থান আজকের বৈঠকে নির্ধারণ করা হবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই জাতীয় সনদের আলোকে উচ্চ ও নিম্নকক্ষের দুটি ডেপুটি স্পিকার পদই জামায়াতের প্রাপ্য। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা চিঠি দেওয়া হয়নি। বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করে, তাহলে ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে জামায়াত।