ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র   ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই এই নীতি অনুসরণ করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) সিএনবিসি ব্রডকাস্টের বরাতে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, স্কট বেসেন্ট জানিয়েছেন যে ইরানের তেলবাহী জাহাজগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করে আন্তর্জাতিক বাজারের দিকে রওনা হয়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে যুক্তরাষ্ট্র এই চলাচলকে অনুমোদন দিচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারত ও চীনের জ্বালানিবাহী জাহাজ নিয়মিতভাবে প্রণালিটি ব্যবহার করছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের চাহিদা বিবেচনায় আগামী দিনগুলোতে এ পথে জাহাজ চলাচল আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানও স্পষ্ট করেন দেশটির অর্থমন্ত্রী। তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বেই উল্লেখ করেছেন যে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। এর মধ্যে ইরানের নৌবাহিনীর কার্যক্ষমতা এবং নিজ সীমান্তের বাইরে সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা সীমিত করা যুক্তরাষ্ট্রের নীতির অংশ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির প্রধান পথ। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ফলে প্রণালিটিতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।