জাতীয় সংসদ ভবন, জাতীয়, সংসদ, ত্রয়োদশ সংসদ, সরকার, অধিবেশন,
জাতীয় সংসদ ভবন।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হয় এবং পরে রোববার পর্যন্ত তা মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা হবে।

এছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন বসবে।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। পাশাপাশি বিধি-৭১ এর আওতায় মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ৯৭টি নোটিশ জমা পড়েছে।

এর আগে প্রথম অধিবেশনের শুরুতে সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

আরবিএ/আরটিএনএন