নতুন প্রশাসক, সিটি কর্পোরেশন
সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।   ছবি: সংগৃহীত

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সব মিলিয়ে এখন পর্যন্ত দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে রয়েছে কেবল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সেখানে আদালতের রায়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।