প্রধানমন্ত্রী, পরিবহনব্যবস্থা
প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: সংগৃহীত

ঈদের ছুটির মধ্যে দেশে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু এবং আরও ২৫ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, ‘সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার রাতে কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী অবিলম্বে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশও দিয়েছেন।’

প্রেস সচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিটি দুর্ঘটনার তদন্ত করে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।’

ঈদের ছুটির সময়ে দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। পুলিশ জানায়, এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজারে, যেখানে গভীর রাতে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন এবং ফেনী সদর উপজেলায় বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে – দুটি রেলওয়ে কর্তৃপক্ষের এবং একটি জেলা প্রশাসনের। দুর্ঘটনার ঘটনায় ইতোমধ্যে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথাও সরকার জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান এবং দুর্ঘটনার কারণ দ্রুত খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।