আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, নানা কর্মসূচি গ্রহণ।
আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, নানা কর্মসূচি গ্রহণ।   ছবি: সংগৃহীত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও দিবসটি উদযাপন করছে। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ইতিহাস ১৯৪৬ সালে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাইয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংস্থার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিনই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়। প্রতি বছর সংস্থা একটি বিশেষ স্বাস্থ্য বিষয় বেছে নেয়, যা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সকাল সাড়ে ১০টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আলোচনা সভার আয়োজন করেছে। সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরী সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ৭ থেকে ১৩ এপ্রিল সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি সপ্তাহজুড়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধারাবাহিকতায় ফাউন্ডেশন ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক গণমুখী সেমিনার আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ৯টায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।