ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিলেন উপাচার্য
রাজু ভাস্কর্য চত্বরে উপস্থিত হয়ে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ঢাবি উপাচার্য।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের দেখতে গেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিনি রাজু ভাস্কর্য চত্বরে উপস্থিত হয়ে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় চায় শিক্ষার্থীরা সুস্থ থাকুক। কোনো শিক্ষার্থী যেন অসুস্থ হয়ে না পড়ে, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা অনশন ভেঙে নিজ নিজ বাসায় ফিরে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

তিনি বলেন, অনশনরত শিক্ষার্থীদের দাবি ও বার্তা যথাযথভাবে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে উপাচার্য আরও বলেন, তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আগের রাতেও একটি চিকিৎসক দল প্রেরণ করা হয়েছিল।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।