শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে জামায়াত আমির
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।   ছবি: আরটিএনএন

কশ্রেণীর মানুষের জন্য বিশেষ সুযোগ নীতিতে বিশ্বাস করেন না জানিয়ে, সবশ্রেণীর মানুষের জন্য রাষ্ট্রকে শিক্ষার সমান সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এমন কথা বলেন। সম্মেলনে শ্রমিকদের অধিকার, শিক্ষা ও জীবনমান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অপরিহার্যতা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিক পরিবারের সন্তানদের সুনাগরিক ও উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শুধু এক শ্রেণির মানুষের সন্তানরা সুযোগ পাবে এ নীতিতে আমরা বিশ্বাস করি না। শ্রমিকের সন্তানদেরও প্রধানমন্ত্রী হওয়ার সমান সুযোগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিত করা শুধু মালিকদের দায়িত্ব নয়, বরং রাষ্ট্রকে এখানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিল্পাঞ্চলে আধুনিক হাসপাতাল ও উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন আন্দোলন ও ঐতিহাসিক ঘটনায় শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক আন্দোলনগুলোতেও শ্রমিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

মালিক ও শ্রমিকের পারস্পরিক সম্পর্ককে শিল্প উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, উভয় পক্ষের সহযোগিতায় একটি ভারসাম্যপূর্ণ ও উৎপাদনমুখী পরিবেশ তৈরি করতে হবে। মালিক থাকলে শ্রমিকের কাজ থাকে, আবার শ্রমিক থাকলে শিল্প টিকে থাকে, যোগ করেন তিনি।

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক নেতারা।