জার্মানি-সুইডেন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক,
জার্মানি-সুইডেন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক।   ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তর কক্ষে এ বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য। পারস্পরিক বাণিজ্য সহযোগিতা বাড়লে উভয় দেশই লাভবান হবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে বিদ্যমান কিছু নন-ট্যারিফ বাধা দূর করতে সরকার কাজ করছে।

তিনি জার্মানিকে লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রতি বছর বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে জার্মানি আগ্রহী। তিনি দক্ষতা উন্নয়ন ও সম্ভাবনাময় খাতের বিকাশে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্যে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

পরে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময়ও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, সুইডেনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়লে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। তিনি জানান, নন-ট্যারিফ বাধা দূর করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক বলেন, টেলিকম খাতে সুইডেন বিশ্বে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। এ খাতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।