পোস্টাল ব্যালট, বিএনপি
ভাইরাল ভিডিওতে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে দেখা গেছে কিছু ব্যক্তিকে।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট গণনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি বাসায় একাধিক ব্যক্তি বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করছেন। খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা আছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।

ভিডিওটির দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। এতে কয়েকজনকে পাশাপাশি বসে পোস্টাল ব্যালট গণনা করতে দেখা যায়। এক ব্যক্তি ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং বলেন, ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না। আরেকজন অভিযোগ করছেন, ভিডিও ছড়ালে প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ হয়ে যেতে পারে এবং নির্বাচনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।

এ ছাড়া একটি ২৭ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে চট্টগ্রাম-৩ আসনের নাম উল্লেখ করা হয় এবং একইভাবে একসঙ্গে পোস্টাল ব্যালট গণনার দৃশ্য দেখা যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জুনায়েন বিন সাদ নামের একজন ব্যবহারকারী। তিনি দাবি করেন, এটি ওমানে জামায়াতে ইসলামীর একজন নেতার বাসার দৃশ্য। তবে কিছু সূত্র বলছে, প্রথম ভিডিওটি বাহরাইনে জামায়াতের এক নেতার বাসায় ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ভিডিওটি দেখেছি। এটি সঠিক কি না যাচাই করা হচ্ছে।’

ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান জানান, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন, এমন ভিডিও ভাইরাল হয়েছে।

নির্বাচন কমিশন বিষয়টি নজরে নিয়েছে এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে। কমিশন আশ্বাস দিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন তৈরি করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে/আরটিএনএন