ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী
শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত করছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।   ছবি: আরটিএনএন

এবারের নির্বাচনে ভোট কিনতে কালো টাকা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগ গত ষোল বছর শেয়ারবাজার লুট করেছে, মানুষের পকেট কেটেছে, ব্যাংক ডাকাতি করেছে। সেই লুটের টাকার পাহারাদার এখন নব্য আরেকটি দল। সেই কালো টাকা দিয়েই তারা এই নির্বাচনে ব্যয় করছে এবং মিডিয়াগুলোকেও কেনার চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “চাঁদাবাজি, জুয়া ও আওয়ামী লীগের লুটের টাকা দিয়ে ঢাকা-১৭-এর কড়াইলসহ বিভিন্ন এলাকায় ভোট কেনার চেষ্টা চলছে। ভুয়া কার্ড দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এসব কালো টাকা ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি ভেঙে ঢাকা-৮ আসনে বিশটিরও বেশি রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে।”

১১ দলীয় জোটের সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা কালো টাকার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি দেশের ৩০০ আসন থেকে সংসদে চাঁদাবাজ, সন্ত্রাসী ও গডফাদাররা নির্বাচিত হয়ে যায়, তাহলে দেশের আইন সংস্কার হবে না, উন্নয়নও সম্ভব নয়।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। যে সংসদ মানুষের কথা বলবে, সেই সংসদই আমরা দেশবাসীকে উপহার দিতে চাই।”

হাদীর বিচারের অগ্রগতি নিয়ে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচারের মাধ্যমেই ১১ দলীয় জোটের প্রথম এজেন্ডা বাস্তবায়ন করা হবে। হাদী ভাই যে ইনসাফের কথা বলতেন, সেই ইনসাফের বাণী আমরা সবার কাছে পৌঁছে দেবো।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বিচার কার্যকে যেন জানাযার মধ্যেই সীমাবদ্ধ না রাখেন। দ্রুত দৃশ্যমান বিচার কার্য সম্পন্ন করার ব্যবস্থা নিন।”

আজ (৩০ জানুয়ারি) তার নির্বাচনী এলাকার মধ্যে শাহবাগ, কাঁটাবন, হাতিরপুল, পরিবাগ এলাকায় জনসংযোগ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।