বিএনপি নেতা, বৈঠক, ছবি, এআই ,
দুই বিএনপি নেতার সাথে ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবিগুলো এআই দিয়ে তৈরি   ছবি: সংগৃহীত

দুই বিএনপি নেতার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তার বৈঠকের দাবিতে যে চারটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, দ্য ডিসেন্টের অনুসন্ধান ও বিশ্লেষণে এমনটিই নিশ্চিত হয়েছে। 

সম্প্রতি ফেসবুকে Shafin Rahman নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করে দাবি করা হয়, বিএনপির দুই কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল আউয়াল মিন্টু নয়াদিল্লীর Oberoi হোটেলে ২০১৮, ২০২১ ও ২০২৩ সালের তিন ভিন্ন সময় ‘র’-এর একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। পোস্টে আরও বলা হয়, কয়েকটি “OSINT প্ল্যাটফর্মের” বরাতে ছবিগুলো পাওয়া গেছে এবং ‘মেটা ডাটা চেক করে’ এগুলোর সত্যতা নাকি নিশ্চিত করা হয়েছে।

কিন্তু দ্য ডিসেন্টের বিস্তারিত যাচাইয়ে উঠে এসেছে ভিন্ন সত্য। পোস্টে ব্যবহৃত ছবিগুলোর একটি যেখানে স্যুট পরা অবস্থায় আমীর খসরুকে কথিত ‘র’ কর্মকর্তার সাথে বসে থাকতে দেখা যায় এর মূল সংস্করণ পাওয়া গেছে Google Review–এ। নয়া দিল্লীর Oberoi হোটেলের ওই ছবি ছয় বছর আগে Ranjan Jha নামের এক ব্যবহারকারী পোস্ট করেছিলেন। তুলনামূলক বিশ্লেষণে স্পষ্ট হয়, মূল ছবিটিকেই এআই ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে এবং তাতে কৃত্রিমভাবে দুই ব্যক্তিকে বসানো হয়েছে। এডিটিংয়ের পরেও ছবিতে এমন কিছু মিল-গরমিল থেকে গেছে, যা মূল ছবির উৎস ও বিকৃত সংস্করণ দুটোর সম্পর্ক স্পষ্টভাবে প্রমাণ করে।

এছাড়া চারটি ছবির মধ্যে একটি ওপেনসোর্স এআই ইমেজ ডিটেক্টর টুলে পরীক্ষা করে ৮৫ থেকে ১০০ শতাংশ নিশ্চয়তার সঙ্গে এআই-জেনারেটেড বলে শনাক্ত হয়েছে। অন্যান্য তিনটির ক্ষেত্রে টুলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও দ্য ডিসেন্টের ভিজ্যুয়াল বিশ্লেষণে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। বিশেষত বিভিন্ন বছরের বলে দাবি করা দুই ছবিতে দেখা যায় প্রায় একই এঙ্গেল, একই ধরনের পরিবেশ, এমনকি বৈঠকের পাশ দিয়ে একই গড়নের একজন ব্যক্তির হাঁটার দৃশ্যও অবিকল রাখা হয়েছে। বাস্তবের আলাদা আলাদা বৈঠকে এমন চরিত্র ও অঙ্গভঙ্গির হুবহু মিল পাওয়া অস্বাভাবিক, কিন্তু কাছাকাছি সময়ে একই ধরনের প্রম্পট দিয়ে এআই ছবি তৈরি করলে এমন মিল প্রায়শই দেখা যায়।

Shafin Rahman তার পোস্টে ছবির উৎস হিসেবে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেটি প্রকাশিত হয়েছিল একই দিনে X–এর Indus Sentinel Grid নামের একটি অ্যাকাউন্টে। দ্য ডিসেন্টের তদন্তে দেখা যায়, অ্যাকাউন্টটি পাকিস্তান থেকে পরিচালিত এবং সৃষ্টি হয়েছে মাত্র গত জুলাই মাসে। সাম্প্রতিক ২০টিরও বেশি পোস্ট বিশ্লেষণে দেখা গেছে অ্যাকাউন্টটি নিয়মিত ভিত্তিহীন, মনগড়া বা প্রলেপ দেওয়া ভুয়া তথ্য ছড়ায়, যার বেশিরভাগই ভারত ও আফগানিস্তানকে কেন্দ্র করে। এর আগেও অ্যাকাউন্টটি অস্ট্রেলিয়ার বন্ডি বীচে সন্ত্রাসী হামলা নিয়ে ভুয়া খবর প্রচার করেছিল এবং হামলাকারীদের পরিচয় ভুলভাবে উপস্থাপন করেছিল।

সব মিলিয়ে দ্য ডিসেন্টের অনুসন্ধান নিশ্চিত করে যে চারটি ছবিই এআই দিয়ে তৈরি এবং সম্পাদিত। ফলে ছবিগুলোর ‘মেটা ডাটা চেক করে সত্যতা নিশ্চিত’ করার দাবিও সম্পূর্ণ মিথ্যা। সামাজিক মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া কনটেন্ট ছড়ানোর একটি সাম্প্রতিক উদাহরণ হিসেবেই এই ঘটনাকে দেখা হচ্ছে। 

সূত্র: ডিসেন্ট