মির্জা ফখরুল, বিএনপি
ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পথসভায় কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল পরিকল্পিতভাবে মিথ্যা কথা বলে দেশের মা-বোনদের বিভ্রান্ত করছে। তারা বলছে, জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর।

রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটাই গণতন্ত্র। কিন্তু বিগত সরকারের সময় কী হয়েছিল? তখন বলা হতো, আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব।

তিনি আরও বলেন, দেশের মা-বোনেরা যারা বিভিন্ন এনজিও থেকে সুদে ঋণ নিয়েছেন, তাদের নিয়মিত কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে সেই কিস্তির দায়িত্ব নেবে এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার কোনো সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট নিজেই প্রয়োগ করতে হবে।

পথসভায় আলীফা আক্তার গোলাপী নামে এক নারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাটির ব্যাংকে জমানো টাকা ও কয়েক হালি মুরগির ডিম উপহার দেন, যা উপস্থিত জনতার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এ সময় পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বক্তৃতাকালে মির্জা ফখরুলের বক্তব্যে বারবার করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।