ইশতেহার, মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন অনুষ্ঠানে তিনি এসব প্রতিশ্রুতি তুলে ধরেন।

ইশতেহারে সন্ত্রাস ও মাদক নির্মূল, কিশোর গ্যাং সংশোধন, নাগরিক সেবা সম্প্রসারণ, স্থানীয় উন্নয়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মামুনুল হক বলেন, ঢাকা–১৩ আসনকে দুর্নীতিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই তাঁর নির্বাচনী লক্ষ্য।

ইশতেহারের প্রথম দফায় ভূমি, ট্রেড লাইসেন্স ও জন্মনিবন্ধনসহ সব সেবায় ডিজিটাল ব্যবস্থা চালু করে দালালচক্র উচ্ছেদের কথা বলা হয়। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিশোর গ্যাং সংশোধনে উদ্যোগ নেওয়া হবে, ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ জনপথ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত সড়কবাতি এবং পুলিশি টহল জোরদারের কথা বলা হয়। যানজট নিরসনে অসমাপ্ত সড়ককাজ দ্রুত শেষ করা, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ নির্মাণ অপসারণের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।

জলাবদ্ধতা নিরসনে সব খাল অবমুক্ত করে সমন্বিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর কথা জানান মামুনুল হক। ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে ‘এক ছাতার নিচে সব সেবা’ নীতিতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করার কথাও তিনি উল্লেখ করেন।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে গ্যাস, পানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি দূর করে ন্যায্য বণ্টন নিশ্চিত করার কথা বলা হয়।

ইশতেহারে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও শাপলার শহীদদের সম্মান, ভাতা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

মামুনুল হক বলেন, তাঁর ইশতেহার বাস্তবায়িত হলে ঢাকা–১৩ আসনের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।