জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান এবি পার্টির নেতারা।
গভীর রাতে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান এবি পার্টির নেতারা।   ছবি: আরটিএনএন

২১-এর চেতনায় রাষ্ট্রসংস্কার ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন- শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র। সেই লড়াই এখনো চলমান এবং এবি পার্টি সেই সংগ্রামে অঙ্গীকারবদ্ধ। ৭১ থেকে ২৪, একুশের চেতনা প্রতিটি গণআন্দোলনের প্রেরণা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টার পর জাতীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলের নেতারা নীরবতা পালন করেন এবং বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, অধিকার ও মর্যাদার সংগ্রামের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বৈষম্য, অন্যায় ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ। ২১-এর চেতনা মানে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা।

তিনি আরও বলেন, জুলাই সনদ রাষ্ট্রসংস্কার, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও বৈষম্যহীন সমাজ গঠনের যে রূপরেখা দিয়েছে সেটিই ২১ এর চেতনার আধুনিক বাস্তবায়ন। তাই ২১-এর আত্মত্যাগকে অর্থবহ করতে হলে কেবল আনুষ্ঠানিকতা নয়, বাস্তব সংস্কার প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ২১-এর চেতনার প্রকৃত প্রতিফলন সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, মহানগর দক্ষিণের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, সহসাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।