কক্সবাজার, ইসলামী আন্দোলন
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।   ছবি: সংগৃহীত

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, দেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখাতে গাড়িবহর নিয়ে দ্রুতগতিতে চলাচল করেন। ফলে এ ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ডের শামিল।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ আসনের এমপিকে পদত্যাগ করা উচিত। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিএনপি নেতৃত্বের প্রতি তাকে পদচ্যুত করার আহ্বান জানান।

বিবৃতিতে গাজী আতাউর রহমান আরও বলেন, “এই ঘটনা আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। শিশুটির মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করেছে। শিশুটি মারা যাওয়ার পর সংসদ সদস্য গাড়িবহর ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়ে নিয়েছেন। পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।”

তিনি আরও বলেন, একটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। এমন ঘটনার পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের জাতীয় সংসদে কথা বলার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।