সংবাদ সম্মেলন, জামায়াতে ইসলামী, নায়েবে আমির, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।   ছবি: আরটিএনএন

সদ্য সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিং প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একইসঙ্গে তার ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারকে আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর মগবাজারে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, নির্বাচনের পর থেকেই আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর অভিযোগ জানিয়ে আসছি। তবে গতকাল আমরা সাবেক উপদেষ্টার বক্তব্য মাধ্যমে তাকে রাজ স্বাক্ষী হিসেবে পেয়েছি। তার বক্তব্য মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর প্রমাণ পাওয়া গিয়েছে।

তিনি বলেন, আমরা জানতে চাই তার সাথে আর কে কে ছিলো। সরকারের কাছে আহ্বন জানাবো রিজওয়ানা হাসানের ব্যাপারে কী পদক্ষেপ নিবে তা জাতিকে জানান।

সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ড. খলিলুর রহমান নির্বাচনের ফল জালিয়াতি বড় ভূমিকা রেখেছে অভিযোগ করে জামায়াতের নায়েব আমির বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লন্ডন ষড়যন্ত্রকারীদের মূল হোতা। তিনি বিগত সরকারের মধ্যে থেকে নানান ষড়যন্ত্র করেছে যা তার শপথের পরীপন্থী। সাবেক এই উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা ভন্ডুল করে দিয়েছে। তারা বাংলার নতুন মীর জাফর হিসেবে নিজেদের প্রমাণিত করেছে।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ডা. তাহের বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে কিন্তু সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে জনগণের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে। এটার ফলাফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আদালতকে ব্যবহার করে জনগণের রায় নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতারা।