মুফতি রেজাউল, তাকওয়া
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।   ছবি: সংগৃহীত

মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি না হলে এবং রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে দেশের কাঙ্ক্ষিত মুক্তি আসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (৫ মার্চ) চরমোনাই মাদ্রাসা মসজিদে ১৫ দিনব্যাপী তালিম-তারবিয়াতের সমাপ্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মুফতি রেজাউল করীম বলেন, মানুষের মধ্যে খোদাভীতি, দ্বীনদারী ও তাকওয়া না থাকলে কেবল আইন, বন্দোবস্ত বা নেতা পরিবর্তনের মাধ্যমে জাতিকে পাপাচার, অন্যায় ও দুর্নীতি থেকে রক্ষা করা সম্ভব নয়। 

তিনি বলেন, মানুষ সৃজনশীল। কোন আইন বা কায়দা দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। বরং মানুষের ভেতর থেকে পাপের প্রতি অনিহা তৈরি করতে হয়, পরকালের ভয় সৃষ্টি করতে হয়। তাহলেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে অন্যায় ও জুলুম থেকে বিরত থাকে।

মুফতি রেজাউল আরও বলেন, আল্লাহ তায়ালা রমজান মাসকে মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করার জন্য নির্ধারণ করেছেন। যদি এই মাসে আমরা জাতি হিসেবে আল্লাহর নির্দেশনা মাফিক আমল, জিকির ও আজকারের মাধ্যমে অতিবাহিত করতে পারি, তবে আমরা ব্যক্তিগত ও জাতিগতভাবে সফল হব এবং দুর্নীতি, অনাচার ও পাপাচার থেকে মুক্ত থাকব।

চরমোনাই মাদ্রাসা মসজিদে প্রতি বছর রমজানের প্রথম থেকে পনের তারিখ পর্যন্ত এই তালিম-তারবিয়াত অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ নিয়মিত আমল, দোয়া ও আজকারে অংশগ্রহণ করে। এবারও পয়লা রমজান থেকে শুরু হওয়া কার্যক্রম আজ সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয়েছে।

সমাপনী আখেরী মোনাজাতে বাংলাদেশের শান্তি ও কল্যাণ, মুসলিম উম্মাহ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া করা হয়েছে।