নাহিদ ইসলাম, এনসিপি
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম।   ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার সুকৌশলে দলীয়করণ করছে। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা প্রয়োজন। কিন্তু সেগুলোকে সরকার দলীয়ভাবে নিয়ন্ত্রণ করছে, যা জনকল্যাণের জন্য হুমকি।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ার যে গতি থাকার কথা ছিল, তা কার্যত ব্যাহত হচ্ছে। নাহিদ ইসলাম দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের জোর দাবি জানান। 

তিনি বলেন, আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য গুরুত্বপূর্ণ।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।