জামায়াত
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।   ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন।

রোববার (২২মার্চ) সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিরোধী দল হিসেবে তারা জনগণের পক্ষে দাবি তুলবেন, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।

রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়িয়েছে, তবে এখনও সংকট কাটেনি বলে মনে করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিয়েছে। কিন্তু তার কালো ছায়া এখনও রয়ে গেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে; যা দুঃখজনক। রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে গেছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।’

মতবিনিময় সভায় দেশের রাজনীতি, আইনশৃঙ্খলা, নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন ডা.শফিকুর রহমান।