মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে হামলার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।   ফাইল ছবি

ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নেতারা।

শুক্রবার (১০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে দলটির মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এ দাবি জানান। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৬ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের পক্ষ থেকে পাঠানো একটি প্রতিনিধি দল মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন অনিয়মের বিষয়ে খোঁজ নিতে অধ্যক্ষ আবুল ওবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায়।

তাদের অভিযোগ, কলেজে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটছে। এসব বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষের সঙ্গে প্রতিনিধি দলের বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মী, কিছু সাবেক শিক্ষার্থী ও বহিরাগতরা মিছিল নিয়ে উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে প্রতিনিধি দলের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলায় অন্তত ৭ থেকে ৮ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন শিক্ষক সাখাওয়াত হোসেন, মিরপুর উত্তর থানার সেক্রেটারি আব্দুল মান্নান, প্রাক্তন ছাত্র আবু সাঈদ এবং এমপি’র মুখপাত্র ডা. মঈন উদ্দিন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা নেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আহতরা চিকিৎসা নেওয়ার সময় তাদের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। পাশাপাশি কলেজের সকল অনিয়ম বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।