জ্যাকব ডাফি
নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন পেসার জ্যাকব ডাফি   ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা সমৃদ্ধ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিউইদের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়েছে অভিজ্ঞ স্পিনার মিচেল স্যান্টারের কাঁধে।

তবে বছরের সেরা পারফর্মার জ্যাকব ডাফি প্রথমবারের মত বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে ৮১ উইকেট শিকার করেছেন এ কিউই পেসার। দখল করেছেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান।

নিউজিল্যান্ডের পেস আক্রমণে লকি ফার্গুসন, ম্যাট হেনরি এবং অ্যাডাম মিলনের সাথে যোগ দিয়েছেন ডাফি। এছাড়া দলটিতে পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন জিমি নিশাম। রিজার্ভ পেস-বোলিং হিসেবে দলের সাথে থাকবেন কাইল জেমিসন।

নবমবারের মত আইসিসি’র বিশ্ব ইভেন্ট খেলতে যাচ্ছেন মিচেল স্যান্টনার। তার সঙ্গী হচ্ছে ঠিক ১০ বছর আগে ভারতে একই টুর্নামেন্টে অভিষেক হওয়া স্পিনার ইশ সোধি। অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্র ব্ল্যাক-ক্যাপসদের স্পিন গভীরতা বাড়িয়েছে।

উপমহাদেশের পরিস্থিতি মোকাবেলা করার জন্য দলটি বেশ ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। আসন্ন টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত ওয়াল্টার বলেন, আমাদের ব্যাটিংয়ে প্রচুর শক্তি এবং দক্ষতা আছে, কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন মানসম্পন্ন বোলার আছে এবং পাঁচজন অলরাউন্ডার আছে যারা সবাই কিছুটা ভিন্ন অভিজ্ঞতা যোগ করে।

‘এটি একটি অভিজ্ঞ দল এবং খেলোয়াড়রা উপমহাদেশে খেলার জন্য অপরিচিত নয়, যা মূল্যবান হবে।’ যোগ করেন কিউই হেড কোচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি-গ্রুপে নিউজিল্যান্ডের সঙ্গী আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। স্যান্টনারদের প্রথম ম্যাচ ৮ ফেব্রুয়ারি চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল 

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি এবং রিজার্ভ: কাইল জেমিসন।