বার্সা, রিয়াল মাদ্রিদ
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সা।   ছবি: সংগৃহীত

বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতার রেশ ধরে এবার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালেও জায়গা নিশ্চিত করেছে। ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে রেসিং সান্তান্দেরকে ২-০ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

গত রাতের ম্যাচে এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা টানা ১১ ম্যাচ জিতেছে। এর আগে চারবার একই কীর্তি গড়েছিল কাতালান ক্লাবটি—২০১৪-১৫ মৌসুমে লুইস এনরিকের অধীনে, ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার সময়ে, ১৯৫৫-৫৬ মৌসুমে ফ্রানৎস প্লাটকোর কোচিংয়ে এবং ১৯২৫ থেকে ১৯২৭ সালের মধ্যে রালফ কিরবি, রিচার্ড ডম্বি ও রোমা ফর্নসের তত্ত্বাবধানে।

ফ্লিকের বার্সেলোনা এবার সেই তালিকায় নাম লিখিয়েছে। তবে ক্লাব ইতিহাসের টানা জয়ের রেকর্ড ছুঁতে এখনও কিছুটা পথ বাকি। ২০০৫-০৬ মৌসুমে ফ্রাংক রাইকার্ডের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ জেতার রেকর্ডটি এখনও অমোঘ।

ম্যাচ শুরু থেকে রেসিংয়ের মাঠে আধিপত্য বিস্তার করলেও বার্সার গোলমুখ খালি ছিল। একপর্যায়ে রিয়াল মাদ্রিদের মতো শক দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ৬৬ মিনিটে ফেরমিন লোপেজের সহায়তায় প্রথম গোল করেন ফেরান তোরেস। পরে যোগ করা সময়ে ইয়ামাল রাফিনিয়ার অ্যাসিস্টে স্কোর বেড়ে ২-০ করেন। রেসিংয়ের দুইটি গোল অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়।

ম্যাচ শেষে তোরেস মুভিস্টারকে বলেন, আমরা ভাবিনি তারা এতটা কঠিন চ্যালেঞ্জ দিবে। জানতাম, ধৈর্য ধরতে হবে। শেষ পর্যন্ত সেটা কাজে লেগেছে। আমি আরও অনেক গোল করতে চাই। আমার লক্ষ্য দল ও কোচকে সাহায্য করা।

এই জয়ের ফলে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে নিশ্চিতভাবে পৌঁছেছে, আর ধারা ধরে রেখে আরও নতুন রেকর্ড গড়ার সুযোগ এখন তাদের হাতে।

এমকে/আরটিএনএন