সিলেট টাইটান্সের উচ্ছ্বাস
উইকেট শিকারের পর ক্রিস ওকস ও খালেদ আহমেদের উচ্ছ্বাস।   ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। শেষ বলের নাটকীয়তায় ছক্কা মেরে দলকে জয় উপহার দেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।

দুপুরে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিলেট টাইটান্স। ব্যাটিংয়ে নেমেই খেই হারায় রংপুর রাইডার্স। দলীয় ৭ রানে ৪ করে তৌহিদ হৃদয়, দলীয় ৯ রানে ৪ করে ডেভিড মিলান ও দলীয় ১১ রানে ১ করে আউট হন লিটস দাস।

১৯ বলে ৩০ রান করে বিপর্যয় কাটানোর আবাস দেন খুশদিল শাহ। ২৬ বলে ৩৩ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলণীয় ৯৪ রানে রয়িাদ আউট হলে আর কেউ হাল ধরতে পারে নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে মাত্র ১১১ রান।

সিলেটের পক্ষে খালেদ আহমেদ ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট, ক্রিস ওকস ১৫ রানের বিনিময়ে ২ উইকেট এবং নাসুম আহমেদ ১২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

লক্ষ্য নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বিপর্যয়ে পড়েনি সিলেট টাইটান্স। তবে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন পড়ে ৯ রান। ফাহিম আশরাফের প্রথম বলে দুই রান নেন মঈন আলী। পরের দুই বল ডট খেলে চতুর্থ বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এ ব্রিটিশ অলরাউন্ডার।

দুই বলে তখন দরকার ৭ রান। প্রথম বলে এক রান নিয়ে ক্রিস ওকসকে স্ট্রাইক দেন খালেদ আহমেদ। ফলে শেষ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ৬ রান। ক্রিস ওকস ফাহিম আশরাফের শেষ বলটিকে সীমানা ছাড়া করে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনেন।

সিলেটের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেন ১৮ রান। ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন ক্রিস ওকস। ম্যাচসেরা হন  সিলেটের পেসার খালিদ আহমেদ।

এই জয়ের ফলে সিলেট এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো রংপুর রাইডার্সকে।