লিওনেল মেসি, ইন্টার মায়ামি
গত ম্যাচে খোলসবন্দী ছিলেন মেসি   ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির নতুন মৌসুমের প্রথম ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা। লিওনেল মেসি মাঠে নামবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। গত ৭ ফেব্রুয়ারি ইকুয়েডরে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই আর্জেন্টাইন মহাতারকা। তখন মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির প্রথম ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল।

তবে আশার কথা হলো, প্রত্যাশিত সময়ের আগেই সেরে ওঠেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল, ১৮ ফেব্রুয়ারি অনুশীলনে ফিরেছেন মেসি। শেষ পর্যন্ত তাকে একাদশে রেখেই বাংলাদেশ সময় আজ সকালে এমএলএস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হয় মায়ামি। কিন্তু হাভিয়ের মাচেরানোর শিষ্যদের শুরুটা মোটেও সুখকর হলো না। লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে মৌসুম শুরু করল তারা।

কাগজে-কলমে এটি ছিল লিগের অন্যতম শক্তিশালী দুই দলের দ্বৈরথ। বলা যেতে পারে, লিগের সেরা দুই তারকার লড়াইও। কারণ মায়ামির একাদশে ছিলেন মেসি, আর লস অ্যাঞ্জেলসের হয়ে মাঠে নেমেছিলেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। শেষ পর্যন্ত হাসিটা সনেরই চওড়া হলো।

৮৯ মিনিটে মাঠ ছাড়ার আগে প্রথমার্ধের ৩৭ মিনিটে সতীর্থ ডেভিড মার্তিনেজকে দিয়ে একটি গোল করান সন। অন্যদিকে পুরো ম্যাচ খেললেও মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। বারবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছেন, ছন্দহীন মনে হয়েছে তাকে। ৭৩ মিনিটে ডেনিস বুয়োঙ্গা এবং ৯৪ মিনিটে নাথান ওরদাজ লস অ্যাঞ্জেলসের হয়ে বাকি দুটি গোল করেন।

বিরতির পর এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়নদের জালে আরও একটি গোল করানোর সুযোগ ছিল সনের। কিন্তু এমএলএসের সবচেয়ে দামি এই খেলোয়াড়ের নিখুঁত পাস কাজে লাগাতে ব্যর্থ হন বুয়োঙ্গা।

মেসি ও সনের লড়াই দেখার আগ্রহেই হয়তো লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলিসিয়াম স্টেডিয়ামে ৭৬ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হওয়ায় মেসি দর্শকদের হতাশ করেছেন। চলতি বছর এটিই ছিল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

আরটিএনএন/এআই