ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে
রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।   ছবি: সংগৃহীত

ওয়াংখেড়েতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শেষটাও হলো রেকর্ডের মাধ্যমে। ১০৭ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারাল ক্যারিবীয়রা। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিল তারা। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ওমানকে ১০৫ রানে হারিয়েছিল—সেটিই ছিল সর্বোচ্চ ব্যবধানের জয়।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ হতে না হতেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। সপ্তম ওভারে ফেরেন আরও একজন। আউট হওয়ার আগে ব্রায়ান বেনেট ৫, মারুমানি ১৪, রায়ান বার্ল শূন্য ও ডিওন মেয়ার্স ২৮ রান করেন।

পঞ্চম উইকেটে টনি মুনয়োঙ্গাকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা। তবে তাদের গড়া জুটি ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। রাজা করেন ২৭ রান, মুনয়োঙ্গার ব্যাট থেকে আসে ১৪ রান।

শেষ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন ব্র্যাড ইভান্স। মাত্র ২১ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৩ রান করেন তিনি। ৭ রানে অপরাজিত থাকেন এনগারাভা। শেষ পর্যন্ত ১৪৭ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল গুদাকেশ মোতি। ২৮ রানের বিনিময়ে চার উইকেট নেন তিনি। তিনটি উইকেট পান আকেল হোসেন।

এর আগে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান। শুরুতেই ১২ বলে ৯ রান করে ফেরেন ব্রেন্ডন কিং। অন্য ওপেনার সাই হোপও বড় ইনিংস খেলতে পারেননি; করেন ১৪ রান।

এরপর শুরু হয় শিমরন হেটমায়ারের ঝড়। তাকে দারুণ সঙ্গ দেন রোভম্যান পাওয়েল। চতুর্থ ওভারে ক্যাচ মিসের সুযোগ পেয়ে জীবন পাওয়া হেটমায়ার এরপর চার-ছক্কার বন্যা বইয়ে দেন। পাওয়েলকে সঙ্গে নিয়ে মাত্র ৫২ বলে গড়েন ১২২ রানের জুটি।

মাত্র ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন হেটমায়ার। শেষ পর্যন্ত ৩৪ বলে ৭ চার ও ৭ ছক্কায় ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পাওয়েলও ৩৫ বলে ৪ চার ও ৪ ছক্কায় করেন ৫৯ রান।

শেষদিকে ঝড় তোলেন শেরফাইন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড। রাদারফোর্ড ১৩ বলে ৩১ ও শেফার্ড ১০ বলে ২১ রান করেন। জেসন হোল্ডার ৪ বলে ১৩ রান যোগ করেন। ২০ ওভারে ২৫৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

এই ইনিংসের মাধ্যমে একাধিক রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। চলতি আসরেও এটিই সর্বোচ্চ রান। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় এ ইনিংসটির অবস্থান দ্বিতীয়—শীর্ষে রয়েছে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা ২৬০ রানের ইনিংস।