নোয়াখালীর মাইজদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন দুই যুবক।
নোয়াখালীর মাইজদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন দুই যুবক।   ছবি: সংগৃহীত

নোয়াখালীর মাইজদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন দুই যুবক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় মাইজদী ফোর লেন প্রধান সড়কের কেরানিবাড়ি মসজিদের সামনে ঘটে এ দুর্ঘটনা।
নোয়াখালী সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৪) এবং একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলযোগে চৌরাস্তা থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। কেরানিবাড়ি মসজিদের সামনে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী মোটরসাইকেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। অভি দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা হৃদয় চন্দ্র শীলকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান।

নোয়াখালী সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘রাত ১টায় ইউটার্ন নেয়ার সময় বিপরীতমুখী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এমআর/আরটিএনএন