ড্রিমস ওয়াটার পার্ক
জয়পুরহাটে ড্রিমস ওয়াটার পার্ক।   ছবি: আরটিএনএন

জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়নের হিলি বাইপাস সড়কে অবস্থিত ‘ড্রিমস ওয়াটার পার্ক’ ও ‘ড্রিম কিচেন হোটেল’-এ অশ্লীলতা ও অপসংস্কৃতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠান দুটিতে ব্যবসার আড়ালে সুইমিংপুলে অশালীন কার্যকলাপ ও উচ্চস্বরে গান-বাজনা চলতে থাকে, যা স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।

স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এ ইউনিয়নে তিনটি কামিল মাদ্রাসা রয়েছে। সংশ্লিষ্ট ওয়াটার পার্ক ও হোটেলের কাছাকাছি দুটি মাদ্রাসা অবস্থিত হওয়ায় পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে দাবি করেন তারা।

স্থানীয় আলেম সমাজ ও বাসিন্দারা অভিযোগ করে বলেন, “ব্যবসার নামে এখানে যে কার্যক্রম চলছে, তা দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। উচ্চস্বরে গান-বাজনা ও সুইমিংপুলে অশালীন আচরণ তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।”

তাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে এক স্থানীয় গণমাধ্যমকর্মী জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও সমস্যার সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। বরং সময়ক্ষেপণ করা হচ্ছে।

এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব কার্যক্রম বন্ধ না করা হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও জানান তারা।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।