দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান। 

টানা ১১দিন ধরে পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আটদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয় তেঁতুলিয়ায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ১১ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ এর মধ্যেই ওঠানামা করছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার এ তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি। তবে দিনের তাপমাত্রা ২৬ থেকে ২৮ এর মধ্যে ওঠানামা করছে। 

আজ দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। এদিকে ঢাকায় সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

এমআর/আরটিএনএন