আশুলিয়া, ঝুট ব্যবসায়ী
ঝুটের গোডাউনে গেলে দুর্বৃত্তরা আজাদ নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায়।   ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজাদ আশুলিয়ার জামগড়া এলাকার ইউনুসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সোমবার দুপুরে নিজের ঝুটের গোডাউনে গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয়। তাঁর পেটে গুলি লেগেছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।