নির্বাচন
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।   ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে, বাকি ব্যালট আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সামগ্রিকভাবে নির্বাচন কমিশন সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করছে বলে দাবি ইসি সচিব জানান, কয়েকটি আসনে আদালতের নির্দেশে ও শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্যালট পুনর্মুদ্রণ করতে হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ডেপ্লয়মেন্ট প্ল্যান কার্যকর রয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করবে।

নির্বাচনে বড় চ্যালেঞ্জ হিসেবে অপতথ্য ও তথ্যের অপপ্রচারকে কমিশন গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক কনটেন্ট অপসারণে মেটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ইন্টারনেটের গতি কমানোর মতো কোনো পদক্ষেপের পক্ষে নয় কমিশন।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে ইসি সচিব বলেন, কমিশন তাদের কাছ থেকে কোনো নির্দিষ্ট পর্যবেক্ষণ জানতে চায়নি। তারা মূলত কমিশনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অবহিত হয়েছেন।

এরআগে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস বলেন, ইইউ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় ইসির কার্যক্রম নিয়ে সন্তোষ জানিয়ে  ইভার্স ইয়াবস বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইতিমধ্যে ৩০০ সংসদীয় আসনে সংস্থাটির পর্যবেক্ষন চলছে জানিয়ে শীগ্রই স্বল্প মেয়াদে আসা পর্যবেক্ষকরাও মাঠে নামবে।