কক্সবাজারের টেকনাফে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ২টার দিকে আহতদের চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার–৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের ২০ থেকে ২৫ জন সমর্থক একটি মিনিট্রাকে করে এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সড়কে অবস্থান করে নাচ, গান ও স্লোগান দিলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি ছুড়লে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে আশপাশে থাকা পাঁচজন আহত হন। পরে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং লোকজন ছোটাছুটি শুরু করেন।
আহতদের মধ্যে রয়েছেন—হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), পার্শ্ববর্তী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) এবং ডি-৪ ব্লকের নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বাচা মিয়া বলেন, তিনি আলীখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের কাজে ছিলেন। কাছাকাছি একটি প্রচারণার গাড়ি থেকে শব্দ হচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে প্রথমে বারুদের শব্দ মনে হলেও পরে বুঝতে পারেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
বাঁ পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান বলেন, নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে প্রচারণা দেখছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুলিবিদ্ধ দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। রাফির মা ছমিরা বেগম বলেন, সড়কের পাশের একটি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকার সময় তাঁর মেয়ের পিঠে গুলি লাগে। শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অতর্কিত হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!